সাতক্ষীরায় মোটরসাইকেলে তেল নিতে নতুন নির্দেশনা: কাগজপত্র ও হেলমেট বাধ্যতামূলক

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১১:২৯:৫০ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১১:২৯:৫০ অপরাহ্ন

 

সাতক্ষীরায় মোটরসাইকেলে জ্বালানি তেল নিতে হলে এখন থেকে বৈধ কাগজপত্র ও হেলমেট থাকা বাধ্যতামূলক করা হয়েছে। জেলা প্রশাসনের নতুন নির্দেশনা অনুযায়ী, এসব শর্ত পূরণ না হলে কোনো মোটরসাইকেলকে পেট্রোল বা অকটেন দেওয়া হবে না।
 

মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার-এর সভাপতিত্বে পাম্প মালিক সমিতির সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্ত জানানো হয়। জরুরি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জেলা সদরের সব ফিলিং স্টেশন ও ডিলার পয়েন্টে প্রতিদিন দুই শিফটে জ্বালানি বিক্রি করতে হবে—সকাল ৮টা থেকে দুপুর ১২টা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত।
 

নির্দেশনায় আরও বলা হয়, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সরকারি জরুরি সেবাসংক্রান্ত প্রতিষ্ঠান ও ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে মোটরসাইকেলে তেল নেওয়ার সময় রেজিস্ট্রেশন নম্বর, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তবেই জ্বালানি সরবরাহ করতে হবে।
 

নিরাপত্তা নিশ্চিতে অতিরিক্ত কিছু বিধিনিষেধও আরোপ করা হয়েছে। সন্ধ্যা ৭টার পর কোনো ফিলিং স্টেশনের ভেতরে মোটরসাইকেল রাখা যাবে না এবং জ্বালানি সরবরাহ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেগুলো সরিয়ে নিতে হবে। এছাড়া বোতল বা কন্টেইনারে পেট্রোল বা অকটেন বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
 

প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, অনুমোদিত ফিলিং স্টেশন, ডিলার বা এজেন্ট পয়েন্ট ছাড়া অন্য কোথাও জ্বালানি তেল ক্রয়-বিক্রয় করা যাবে না। এসব নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]