বাসা-বাড়িতে গ্যাস সংকটের কারণে অনেক সময় রান্নার কাজে বিঘ্ন ঘটে। এমন পরিস্থিতিতে বিকল্প হিসেবে ইন্ডাকশন ওভেন ব্যবহার দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আধুনিক এই প্রযুক্তি ব্যবহার করে সহজেই দ্রুত ও নিরাপদভাবে রান্না করা সম্ভব। ইন্ডাকশন ওভেন বিদ্যুৎচালিত একটি রান্নার যন্ত্র, যা চুলার মতো আগুন ব্যবহার না করে চৌম্বকীয় তাপের মাধ্যমে পাত্র গরম করে।
ইন্ডাকশন ওভেন ব্যবহার গ্যাস সংকটের সময়ও বিচলিত হতে হয় না এবং বিদ্যুৎ খরচও নিয়ন্ত্রণে রাখা সম্ভব, যদি সঠিকভাবে ব্যবহার করা হয়। এছাড়া এটি পরিষ্কার রাখা সহজ।
তবে ইন্ডাকশন ওভেন ব্যবহারের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল রাখা প্রয়োজন। সব ধরনের পাত্র এতে ব্যবহার করা যায় না; এছাড়া বিদ্যুৎ না থাকলে এটি ব্যবহার করা সম্ভব নয়।
ইন্ডাকশন ওভেন ব্যবহারে কিছু সতর্কতা মেনে চলা জরুরি। প্রথমত, ভেজা হাতে যন্ত্রটি স্পর্শ করা উচিত নয় এবং ব্যবহারের সময় পানির সংস্পর্শ থেকে দূরে রাখতে হবে। দ্বিতীয়ত, রান্না শেষে ওভেন বন্ধ করে প্লাগ খুলে রাখা নিরাপদ। তৃতীয়ত, শিশুদের নাগালের বাইরে রাখার চেষ্টা করতে হবে। এছাড়া ওভেনের উপর অতিরিক্ত ভারী বস্তু রাখা বা অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ সময় চালু রাখা থেকে বিরত থাকা উচিত।
বর্তমানে শহরাঞ্চলের গ্যাস সংকটে বিকল্প হিসেবে এটি একটি কার্যকর সমাধান হতে পারে বলে মনে করছেন অনেকেই। সঠিক ব্যবহার ও সচেতনতা বাড়ানো গেলে এই প্রযুক্তি ভবিষ্যতে রান্নার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হয়ে উঠতে পারে।