লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলি: বাংলাদেশি যুবক মিজানের অবস্থা আশঙ্কাজনক

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪৯:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ১২:৪৯:২৭ পূর্বাহ্ন
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে মিজানুর রহমান মিজান (২৪) নামে এক বাংলাদেশি কৃষকের ওপর গুলি ছুড়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বর্তমানে সেই কৃষকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন স্থানীয়রা।

সোমবার (৬ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার পাটগ্রাম ইউনিয়নের রহমতপুর সীমান্তের গাডিয়ার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। আহত যুবক ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সোমবার সকালে যুবক মিজানুর রহমান মিজান সীমান্তের পাশে ধানক্ষেতে ঘাস কাটতে যান। এ সময় ভারতীয় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার সরকারপাড়া ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড রাবার বুলেট গুলি ছোড়ে। এতে একটি গুলি মিজানের শরীরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। গুলির শব্দ শুনে এলাকাবাসী দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানের চিকিৎসকরা তাকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত রংপুর মেডিকেলে কলেজ হাসপাতালে রেফার করেন।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সীমান্তে বিএসএফের গুলিতে মিজান নামে এক যুবক আহত হওয়ার খবর আমরা পেয়েছি। ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ ঘটনায় বিজিবির কাছ থেকে কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]