গাজীপুরে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিতের গাড়ি আটকে স্থানীয়রা বিক্ষোভ করেছেন। এ সময় তারা শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তুলে অপসারণ দাবি জানান। প্রতিমন্ত্রী অভিযোগগুলো তদন্ত করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।
রোববার (৫ এপ্রিল) দুপুরেশহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে। এর আগে প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত সকালে টিকাদান কর্মসূচি উদ্বোধন শেষে হাসপাতালটি পরিদর্শনে যান।
পরিদর্শন শেষে তিনি গাজীপুর সার্কিট হাউজে যাওয়ার পথে স্থানীয় লোকজন ব্যানার নিয়ে তার গাড়ির সামনে অবস্থান নেন। বিক্ষোভকারীরা হাসপাতালের পরিচালক মো. আমিনুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনার অভিযোগ তুলে ধরেন।
স্থানীয়দের অভিযোগ, হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতি নিয়মিত নয় এবং রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা না দিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়া হয়। এছাড়া জরুরি চিকিৎসা সরঞ্জাম অব্যবস্থাপনার কারণে অচল হয়ে আছে এবং হাসপাতালের পরিবেশও সন্তোষজনক নয় বলে দাবি করেন তারা।
এ সময় জেলা ড্যাবের সভাপতি ডা. আলী আকবর পলান বলেন, অভিযুক্ত পরিচালক তাদের সংগঠনের সদস্য নন এবং তার বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অভিযোগ রয়েছে।
প্রতিমন্ত্রী বিক্ষোভকারীদের বক্তব্য শুনে বিষয়টি তদন্তের আশ্বাস দেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান।