লক্ষ্মীপুর-এ ১৪৪ ধারা অমান্য করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ মিছিলকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন।
রোববার (৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে শহরের চকবাজার মসজিদের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষে আহতদের মধ্যে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়াহিদ পারভেজ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক সাইফুল ইসলাম মুরাদ রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, এর আগের দিন শনিবার (৪ এপ্রিল) রাতে হাসপাতাল রোড এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মী হাবিবুর রহমান ফাহিম এবং জেলা ছাত্রদলের প্রচার সম্পাদক আকবর হোসেন মুন্নার মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে রোববার উভয় পক্ষই চকবাজার এলাকায় পাল্টাপাল্টি কর্মসূচি ঘোষণা করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা প্রশাসন বিকেল সাড়ে ৪টা থেকে পৌর শহরে অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে। তবে এই নিষেধাজ্ঞা উপেক্ষা করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা মিছিল বের করলে পুলিশের সঙ্গে হাতাহাতি ও সংঘর্ষ শুরু হয়।
একই সময় ‘জুলাই ফাইটার্স’ ব্যানারে ছাত্রদল নেতাকর্মীরাও আলাদা মিছিল করে, ফলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করা হয়নি।