যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনে মধ্যস্থতাকারী হিসেবে কাতারের সরে দাঁড়ানোর সিদ্ধান্ত মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন অস্থিরতা তৈরি করেছে। ওয়াল স্ট্রিট জার্নালের (WSJ) এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, দোহা নিজেকে এই যুদ্ধবিরতি আলোচনা থেকে সরিয়ে নেওয়ায় দুই দেশের মধ্যকার সংঘাত থামানোর পথ আরও সংকীর্ণ হয়ে পড়ল। এর আগে ইরান প্রতিবেশী দেশ পাকিস্তানকে প্রত্যাখ্যান করে কাতারকে তাদের প্রধান আলোচনা সহযোগী হিসেবে বেছে নিয়েছিল, তবে কাতারের বর্তমান অবস্থানে পরিস্থিতি এখন আরও ঘোলাটে হয়ে উঠেছে।
বিস্তারিত তথ্যানুযায়ী, দীর্ঘ সময় ধরে কাতার ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি সেতুবন্ধন হিসেবে কাজ করে আসছিল। ইরান তাদের কৌশলগত স্বার্থ রক্ষায় পাকিস্তানের চেয়ে কাতারকে বেশি গুরুত্ব দিয়ে আসছিল। কিন্তু বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে দোহা নিজেকে এই জটিল প্রক্রিয়া থেকে গুটিয়ে নেওয়ায় আন্তর্জাতিক কূটনৈতিক মহলে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, কাতারের এই পিছুটান প্রমাণ করে যে সংঘাত এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে মধ্যস্থতার সুযোগ দিন দিন কমে আসছে। ফলে পারস্য উপসাগরীয় অঞ্চলে সামরিক উত্তেজনার পারদ আরও চড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। এর ফলে আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখা এখন প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
(সূত্র: ওয়াল স্ট্রিট জার্নাল)