দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৪ এপ্রিল) রাত সাড়ে ৮টায় রাজধানীর গুলশান-এ দলের চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বৈঠকে সভাপতিত্ব করবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দলটির সরকার গঠনের পর এটি হবে স্থায়ী কমিটির প্রথম বৈঠক।
এর আগে সর্বশেষ গত ৯ জানুয়ারি জাতীয় নির্বাচনের পূর্বে স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।
দলীয় সূত্রে জানা গেছে, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সামগ্রিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এছাড়া সংবিধান সংস্কার পরিষদ ইস্যু, জুলাই জাতীয় সনদ, বৈশ্বিক জ্বালানি সংকট, হাম-এর প্রাদুর্ভাব, সংরক্ষিত নারী আসন এবং দলের সাংগঠনিক বিভিন্ন বিষয়ও আলোচনায় আসতে পারে।