মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে বৈশ্বিকভাবে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় দেশে এর প্রভাব পড়তে শুরু করেছে। এতে বিপাকে পড়েছেন যানবাহনের চালক ও ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা।
সোমবার (৩০ মার্চ) সকালে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, কয়েকটি ফিলিং স্টেশন সাময়িকভাবে বন্ধ রয়েছে। সরবরাহ সংকটের কারণে এসব পাম্পে তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছে বলে জানা গেছে।
তবে কিছু পাম্প সীমিত আকারে তেল সরবরাহ করছে। পরীবাগের একটি ফিলিং স্টেশনে নির্দিষ্ট পরিমাণে অকটেন বিতরণ করা হচ্ছে। সেখানে মোটরসাইকেলে সর্বোচ্চ ৫ লিটার এবং ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার করে তেল দেয়া হচ্ছে।
এদিকে, খোলা থাকা পাম্পগুলোতে দেখা গেছে দীর্ঘ লাইন। মোটরসাইকেল ও প্রাইভেটকার চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেল পাওয়ার জন্য।
সরবরাহে অস্বাভাবিকতা এবং সাধারণ মানুষের মধ্যে অনিশ্চয়তা তৈরি হওয়ায় পাম্পগুলোতে কার্যত অঘোষিত সংকট দেখা দিয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।