ওয়ান-ইলেভেনের আরেক কুশীলব আফজাল নাছের আটক, মিরপুর ডিওএইচএস থেকে গ্রেপ্তার

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ১২:৩৬:১৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ১২:৩৬:১৮ অপরাহ্ন

ওয়ান-ইলেভেনের সময়ের আলোচিত কুশীলব এবং ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মো. আফজাল নাছের (৬১) কে আটক করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি)। রোববার (২৯ মার্চ) দিবাগত রাত প্রায় ৩টার দিকে রাজধানীর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) রবিউল হোসেন ভূঁইয়া।

আফজাল নাছের ১৯৮৪ সালে সেনাবাহিনীতে যোগ দেন এবং ২০০৬ থেকে ২০০৮ সাল পর্যন্ত ডিজিএফআইয়ে দায়িত্ব পালন করেন। ওয়ান-ইলেভেনের সময় বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচিব ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানসহ দলটির একাধিক নেতার ওপর নির্যাতনের ঘটনায় তার নাম বারবার উঠে আসে।

ডিবি সূত্রে জানা গেছে, ভাটারা থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে।

এর আগে, তিন দিনের ব্যবধানে ওয়ান-ইলেভেন সংশ্লিষ্ট আরও দুই সেনা কর্মকর্তা—অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী এবং লেফটেন্যান্ট জেনারেল শেখ মামুন খালেদ—গ্রেপ্তার হন। বর্তমানে তারা ডিবির রিমান্ডে রয়েছেন।

জানা যায়, মাসুদ উদ্দিন চৌধুরীকে মানবপাচারের অভিযোগে এবং শেখ মামুন খালেদকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

গোয়েন্দা সূত্র ধারণা করছে, এই দুই কর্মকর্তার দেওয়া তথ্যের ভিত্তিতেই আফজাল নাছেরকে আটক করা হয়েছে।

সম্প্রতি এসব গ্রেপ্তারের পর আবারও আলোচনায় এসেছে ২০০৭ সালের ১১ জানুয়ারির জরুরি অবস্থা এবং সেই সময়ের ওয়ান-ইলেভেন সরকার।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, ওই সময় জরুরি অবস্থা জারির দায় এখনো সংশ্লিষ্টরা স্বীকার করেননি। এছাড়া, তারেক রহমানকে গ্রেপ্তার ও নির্যাতনের দায় অন্যদের ওপর চাপানোর অভিযোগও রয়েছে।

ডিবি প্রধান শফিকুল ইসলাম জানান, অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ চলছে এবং অভিযোগগুলো যাচাই-বাছাই করা হচ্ছে।

তিনি আরও বলেন, অনেক ভুক্তভোগী ইতোমধ্যে যোগাযোগ করছেন। তাদের আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ জমা দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে আইনগত ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

গোয়েন্দা পুলিশের দাবি, ওয়ান-ইলেভেনের আগে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ড. ইয়াজউদ্দিন আহমেদকে জরুরি অবস্থা জারির জন্য চাপ দিয়েছিলেন কয়েকজন সেনা কর্মকর্তা। এ বিষয়ে আরও তদন্ত চলছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]