নাফ নদ থেকে ১৩ বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৮:২৫:২৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৮:২৫:২৫ পূর্বাহ্ন

কক্সবাজারের টেকনাফে নাফ নদ থেকে মাছ ধরার সময় তিনটি নৌকাসহ ১৩ জন বাংলাদেশী জেলেকে ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। শনিবার (২৮ মার্চ) সকাল ৭টার দিকে শাহপরীর দ্বীপের ঘোলারচর-সংলগ্ন নাইক্ষ্যংদিয়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। অপহৃত জেলেরা সবাই টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝর পাড়া ও ডাঙ্গর পাড়া গ্রামের বাসিন্দা। এই ঘটনার পর থেকে স্থানীয় জেলে পরিবার ও নৌকা মালিকদের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে।

 

​শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া জেলে সমিতির সভাপতি আব্দুল গফুর ফিরে আসা অন্য জেলেদের বরাত দিয়ে জানান, ভোর ৪টার দিকে ইঞ্জিনচালিত বেশ কিছু নৌকা নাফ নদের মোহনায় মাছ শিকারে যায়। সকাল ৭টার দিকে আরাকান আর্মির সদস্যরা স্পিড বোট নিয়ে ধাওয়া করে এবং অস্ত্রের মুখে ৩টি নৌকাসহ ১৩ জন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। অপহৃতদের মধ্যে উল্লেখযোগ্য হলেন— মো. মোস্তাফিজুর রহমান (৪০), মো. ফরিদ হোসেন (৩০), মো. রবিউল হাসান (১৭), এবং মো. কালাম (৩০) সহ আরও ৯ জন। বিষয়টি ইতিমধ্যে বিজিবি ও স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়েছে।

 

​সাবরাং ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল মান্নান এই ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আরাকান আর্মির ক্রমাগত বাধার কারণে নাফ নদে মাছ শিকার করা এখন অসম্ভব হয়ে পড়েছে। তিনি এই সংকট নিরসনে সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ ইনামুল হাফিজ নাদিম জানিয়েছেন, জেলেদের ফেরত আনতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ চালিয়ে যাচ্ছে, তবে এখনও পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]