মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট ও মূল্যবৃদ্ধির সুযোগে দেশে তেলের অবৈধ মজুদ রোধ এবং সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক রাখতে ১৯টি ডিপোতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শনিবার (২৮ মার্চ) বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় গত ২৫ মার্চ থেকে দেশের ৯টি জেলার গুরুত্বপূর্ণ এসব ডিপোতে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন। মূলত বিপণনে শৃঙ্খলা রক্ষা এবং জনমনে আস্থা ফেরাতেই এই কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
বিজিবি জানায়, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে জ্বালানি তেলের বাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তাকে পুঁজি করে কোনো অসাধু চক্র যেন অননুমোদিতভাবে তেল মজুদ বা কৃত্রিম সংকট তৈরি করতে না পারে, তা নিশ্চিত করাই এ মোতায়েনের প্রধান উদ্দেশ্য। ঢাকা, কুড়িগ্রাম, রংপুর, রাজশাহী, সিলেট, মৌলভীবাজার, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জ জেলার মোট ১৯টি ডিপোতে বিজিবি সদস্যরা অস্থায়ী বেইজ ক্যাম্প স্থাপন করে নিরাপত্তা ও তদারকি কার্যক্রম চালাচ্ছেন। একজন কর্মকর্তার নেতৃত্বে এই টহল দলগুলো নিয়মিত নজরদারি, নাশকতা প্রতিরোধ এবং অবৈধ বিপণন রুখতে কাজ করছে।
ডিপো এলাকার পাশাপাশি সীমান্ত দিয়ে জ্বালানি তেল পাচার রোধেও বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। সীমান্তে অতিরিক্ত টহল ও নৌ-টহল জোরদারের পাশাপাশি সীমান্তবর্তী চেকপোস্টগুলোতে তল্লাশি কার্যক্রম বাড়ানো হয়েছে। বিশেষ করে আইসিপি ও এলসিপিগুলোতে আমদানি-রপ্তানি কাজে ব্যবহৃত ট্রাক ও লরিতে নিয়মিত তল্লাশি চালানো হচ্ছে। জ্বালানি তেলের নিরবচ্ছিন্ন সরবরাহ বজায় রাখতে বিজিবি সংশ্লিষ্ট ডিপো কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে গোয়েন্দা নজরদারিও অব্যাহত রেখেছে।