সশস্ত্র বাহিনীকে বিশ্বমানের ও আরও শক্তিশালী হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগারগাঁওয়ের পুরাতন বিমানবন্দরের জাতীয় প্যারেড গ্রাউন্ডে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলাপকালে তিনি এই অঙ্গীকার করেন। নিজেকে ‘সশস্ত্র বাহিনী পরিবারের সন্তান’ হিসেবে উল্লেখ করে তিনি বাহিনীর সদস্যদের প্রতি বিশেষ মমত্ববোধ ও দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন।
প্রধানমন্ত্রী বলেন, “আমি সশস্ত্র বাহিনীর ফ্যামিলির সন্তান। আমাদের দায়িত্ব রয়েছে যারা দায়িত্বে আছেন তাদের প্রতি। এ সশস্ত্র বাহিনীকে আমরা আরও শক্তিশালী করতে চাই। সশস্ত্র বাহিনী যে মহান উদ্দেশ্যে গঠিত হয়েছে, আমরা সেই উদ্দেশ্য সবসময় মনে রাখব। আমরা সবাই যেন দেশের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারি।” কুচকাওয়াজের সুশৃঙ্খল পরিবেশ ও সামরিক সক্ষমতার প্রদর্শনীতে মুগ্ধতা প্রকাশ করে তিনি বাহিনীর সদস্যদের দেশপ্রেমের প্রশংসা করেন।
এর আগে প্রধানমন্ত্রী জাতীয় প্যারেড গ্রাউন্ডে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। অনুষ্ঠান শেষে বিদায় নেওয়ার আগে তিনি তিন বাহিনীর প্রধানসহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় ও শুভেচ্ছা জানান। এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁনসহ সরকারের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।