কলম্বিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩৪ সেনার প্রাণহানি, আমাজনে শোকের ছায়া

আপলোড সময় : ২৪-০৩-২০২৬ ০১:৩৭:৫৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৪-০৩-২০২৬ ০১:৩৭:৫৯ অপরাহ্ন

কলম্বিয়ার দক্ষিণাঞ্চলীয় পুতুমায়ো প্রদেশে ১২৫ জন আরোহী নিয়ে একটি সামরিক উড্ডয়নরত বিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) প্রদেশের পুয়ের্তো লেগুইজামো নামক প্রত্যন্ত আমাজনীয় এলাকায় উড্ডয়নের কিছুক্ষণ পরেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রতিরক্ষামন্ত্রী পেদ্রো সানচেজ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক বার্তায় এই মর্মান্তিক ঘটনার নিশ্চিত করেছেন।

 

​পুতুমায়ো প্রদেশের গভর্নর জন গ্যাব্রিয়েল মোলিনা স্থানীয় সংবাদমাধ্যম কারাকোল নটিসিয়াসকে জানিয়েছেন, দুর্ঘটনায় নিহত ৩৪ জনের মধ্যে এখন পর্যন্ত ২১ জনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। কলম্বিয়ার বিমানবাহিনী জানিয়েছে, লকহিড মার্টিনের তৈরি 'হারকিউলিস সি-১৩০' মডেলের ওই উড়োজাহাজটি সেনা সদস্যদের নিয়ে প্রদেশের অন্য একটি শহরে যাচ্ছিল। উড্ডয়নস্থল থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে বিমানটি আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে যায় এবং ভেতরে থাকা গোলাবারুদের বিস্ফোরণ ঘটে। তবে প্রতিরক্ষামন্ত্রী স্পষ্ট করেছেন যে, কোনো সন্ত্রাসী বা অবৈধ গোষ্ঠীর হামলার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া যায়নি।

 

​আহতদের উন্নত চিকিৎসার জন্য রাজধানী বোগোটাসহ অন্যান্য বিশেষায়িত হাসপাতালে স্থানান্তরের কাজ শুরু হয়েছে। বিমানবাহিনীর কমান্ডার কার্লোস ফার্নান্দো সিলভা জানিয়েছেন, উদ্ধার কার্যক্রম ও রোগীদের বহনের জন্য ৭৪ শয্যাবিশিষ্ট দুটি বিশেষ বিমান দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। উল্লেখ্য, কলম্বিয়া ১৯৬০-এর দশক থেকে হারকিউলিস সি-১৩০ ব্যবহার করে আসছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের সহায়তায় বহরটি আধুনিকায়ন করা হয়েছিল। গত মাসেই প্রতিবেশী দেশ বলিভিয়ায় একই মডেলের একটি বিমান বিধ্বস্ত হয়ে ২০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছিল।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]