পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে ১৮ মার্চ থেকে টানা ১০ দিনের জন্য ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।
বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর ইসলাম শাহীন জানান, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত মোট ১০ দিনের ছুটির কারণে বন্দরের সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম স্থগিত থাকবে। ছুটি শেষে ২৮ মার্চ থেকে আবার স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।
অন্যদিকে, হিলি ইমিগ্রেশন চেকপোস্টের অফিসার ইনচার্জ আরিফুল ইসলাম বলেন, পণ্য পরিবহন বন্ধ থাকলেও যাত্রী চলাচলে কোনো বাধা থাকবে না। এমনকি ঈদের দিনেও পাসপোর্টধারীরা চাইলে এই চেকপোস্ট ব্যবহার করে ভারত যাতায়াত করতে পারবেন।