ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামকে বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনে ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ, ১৯৭৩-এর আর্টিকেল ১১ (২) অনুযায়ী এই নিয়োগ কার্যকর হয় এবং মঙ্গলবার (১৭ মার্চ ২০২৬) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব গ্রহণের আগে সদ্য-সাবেক উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও প্রো-ভাইস চ্যান্সেলর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য, বিভিন্ন অনুষদের ডিন, হলের প্রভোস্ট, বিভাগের চেয়ারম্যানসহ শিক্ষক ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর ভার্চুয়াল ক্লাসরুমে আয়োজিত এক অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে নতুন উপাচার্য বলেন, আন্তর্জাতিক র্যাঙ্কিংয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান উন্নত করা এবং বিশ্বমঞ্চে প্রতিষ্ঠানটির পরিচিতি বাড়ানো তার প্রধান লক্ষ্য। তিনি মনে করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এই লক্ষ্য অর্জন সম্ভব।
এছাড়া ক্যাম্পাসে শিক্ষা ও গবেষণার অনুকূল পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেন তিনি। সঠিক পরিকল্পনা ও কার্যকর বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সদ্য-সাবেক উপাচার্যের অবদানের প্রশংসা করে ড. ওবায়দুল ইসলাম বলেন, শিক্ষা, গবেষণা ও অবকাঠামো উন্নয়নে গৃহীত কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখা হবে। একই সঙ্গে দায়িত্ব গ্রহণ উপলক্ষে ফুল বা উপহার না দেওয়ার জন্যও তিনি সবার প্রতি অনুরোধ জানান।