প্রবাসীদের পাশে সব সময় সরকার: প্রবাসী কল্যাণমন্ত্রী

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ১১:৪৭:৪৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ১১:৪৭:৪৪ অপরাহ্ন

 

বর্তমান সরকার সব সময় প্রবাসীদের পাশে রয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, রেমিট্যান্সযোদ্ধাদের জন্য সব ধরনের সহায়তা অব্যাহত রাখা হবে।
 

মঙ্গলবার (১৭ মার্চ) সন্ধ্যায় কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামে সৌদি আরবে মিসাইল হামলায় নিহত প্রবাসী শ্রমিক বাচ্চু মিয়ার বাড়িতে গিয়ে স্বজনদের সান্ত্বনা জানানোর সময় তিনি এসব কথা বলেন।
 

এ সময় মন্ত্রী নিহতের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আর্থিক সহায়তা তুলে দেন। তিনি আশ্বস্ত করেন, সরকারের পক্ষ থেকে নিহত বাচ্চু মিয়ার পরিবারকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে।
 

মন্ত্রী আরও জানান, মন্ত্রণালয়ের মাধ্যমে দ্রুত মরদেহ দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি সৌদি সরকারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায়ের উদ্যোগও চলছে, যা নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হবে।
 

ইরান-ইসরায়েল চলমান সংঘাতের প্রভাবের কথা উল্লেখ করে তিনি বলেন, এ পর্যন্ত ৫ জন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। এর মধ্যে একজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে এবং বাকিদের মরদেহ ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।
 

উল্লেখ্য, গত ৮ মার্চ সৌদি আরবের আল খারিজ শহরে একটি শ্রমিক ক্যাম্পে মিসাইল বিস্ফোরণে নিহত হন বাচ্চু মিয়া। তিনি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার জালালপুর ইউনিয়নের পশ্চিম ফেকামারা গ্রামের বাসিন্দা।

এ সময় স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]