হোয়াইট হাউস-এর ন্যাশনাল ইকোনমিক কাউন্সিলের পরিচালক কেভিন হ্যাসেট জানিয়েছেন, ইরান-এর সঙ্গে গত ২৮ ফেব্রুয়ারি থেকে চলমান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র-এর মোট ব্যয় হয়েছে প্রায় ১২ বিলিয়ন ডলার।
রোববার ফেস দ্য ন্যাশন অনুষ্ঠানে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, এই ব্যয় পুরো অভিযানের মোট খরচ নয়।
হ্যাসেট আরও জানান, সামরিক অভিযানের জন্য নতুন করে মার্কিন কংগ্রেস-এর কাছ থেকে অতিরিক্ত অর্থ বরাদ্দ নেওয়ার প্রয়োজন হবে বলে মনে করছে না প্রশাসন। কারণ বর্তমানে যে অস্ত্র মজুদ রয়েছে, তা দিয়েই সামরিক কার্যক্রম চালিয়ে নেওয়া সম্ভব।
এর আগে মার্কিন দৈনিক দ্য নিউ ইয়র্ক টাইমস পেন্টাগনের ব্রিফিংয়ের বরাত দিয়ে জানিয়েছিল, যুদ্ধ শুরুর প্রথম ছয় দিনেই ব্যয় ১১ দশমিক ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে।
অভিযানের সময়সীমা নিয়ে হ্যাসেট বলেন, মার্কিন প্রতিরক্ষা দফতর-এর ধারণা অনুযায়ী পুরো মিশন শেষ হতে চার থেকে ছয় সপ্তাহ সময় লাগতে পারে। বর্তমানে পরিকল্পনার তুলনায় কিছুটা এগিয়েই রয়েছে অভিযান।