মধ্যপ্রাচ্যের কয়েক দেশে প্রবাসীদের ভিসার মেয়াদ এক মাস বাড়ল

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৫:৪১:৩৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৫:৪২:১৭ পূর্বাহ্ন
 

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে দেশে ছুটিতে থাকা প্রবাসী কর্মীদের জন্য স্বস্তির খবর এসেছে। কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত সরকার বাংলাদেশে অবস্থানরত প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ এক মাস বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।
 

শনিবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইরান-ইসরাইল যুদ্ধ পরিস্থিতির কারণে অনেক প্রবাসী কর্মী বর্তমানে বাংলাদেশে ছুটিতে অবস্থান করছেন। এ সময় তাদের অনেকের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়ে গেছে অথবা শিগগিরই শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে চলমান পরিস্থিতিতে সংশ্লিষ্ট দেশে গিয়ে ভিসা নবায়ন করা অনেকের পক্ষেই সম্ভব হচ্ছে না।
 

এ অবস্থায় প্রবাসীদের সুবিধার কথা বিবেচনা করে কয়েকটি মধ্যপ্রাচ্যের দেশ বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে। এর অংশ হিসেবে কুয়েত, কাতার ও সংযুক্ত আরব আমিরাত ইতোমধ্যে যেসব এন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়েছে বা শেষ হওয়ার পথে রয়েছে সেগুলোর মেয়াদ এক মাস বৃদ্ধি করেছে।
 

এ ছাড়া সৌদি আরব, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও বাহরাইনগামী কর্মীদের ক্ষেত্রে ভিসা নবায়নের জন্য সংশ্লিষ্ট নিয়োগকর্তা, স্পন্সর বা কফিলের মাধ্যমে যোগাযোগ করতে হবে অথবা অনলাইনে আবেদন করার পরামর্শ দেওয়া হয়েছে।
 

মন্ত্রণালয় জানিয়েছে, সংশ্লিষ্ট প্রবাসী কর্মীদের অবগত করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুবিধার্থে এ গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]