জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে কাজের অঙ্গীকার প্রতিমন্ত্রী ফরিদুলের

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:২৭:১২ অপরাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৩১:৫৭ অপরাহ্ন

 

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম। তিনি বলেন, বিশেষ করে উপকূলীয় অঞ্চলসহ ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষের ভাগ্য পরিবর্তনে কার্যকর উদ্যোগ নেওয়ার চেষ্টা করা হবে।
 

শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় বাগেরহাট জেলা পরিষদ অডিটোরিয়ামে বাগেরহাট প্রেসক্লাব আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের বিভিন্ন প্রকল্প ইতোমধ্যে পাহাড়ি অঞ্চল ও উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় বাস্তবায়ন করা হচ্ছে।
 

প্রতিমন্ত্রী বলেন, বাগেরহাটসহ উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সুপেয় পানির সংকট ও আবাসন সমস্যার সমাধানে জলবায়ু ট্রাস্ট ফান্ডের সহায়তা কাজে লাগানোর বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। স্থানীয় অবকাঠামো উন্নয়নেও সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
 

তিনি আরও বলেন, বাগেরহাট জেলার উন্নয়ন ও সামাজিক স্থিতিশীলতা নিশ্চিত করতে স্থানীয় সংসদ সদস্যদের সমন্বয়ে কাজ করা হবে। পাশাপাশি জেলাটিকে মাদকমুক্ত করতে সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য মাওলানা মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ এবং বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল আলিম।
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাগেরহাটের পুলিশ সুপার হাসান চৌধুরী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মেজবাহ উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক এটিএম আকরাম হোসেন তালিম, জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আব্দুল ওয়াদুদ, বাগেরহাট প্রেসক্লাবের সহ-সভাপতি এস এম রাজ এবং সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটনসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]