ডিজেল সংকটে কক্সবাজারে থমকে মাছ ধরা, বিপাকে লাখো জেলে পরিবার

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৩৯:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৯:৩৯:১৬ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাবে জ্বালানি তেলের সংকট দেখা দেওয়ায় দেশের অন্যতম বৃহৎ মৎস্য আহরণ কেন্দ্র কক্সবাজার–এ মাছ ধরা কার্যক্রম প্রায় থমকে গেছে। ডিজেল না থাকায় হাজার হাজার জেলে সাগরে যেতে পারছেন না, ফলে অনিশ্চয়তায় পড়েছে লাখো জেলে পরিবার।

বাঁকখালী নদী–সংলগ্ন উপকূলীয় এলাকায় ভাসমান পেট্রোল পাম্পগুলোতে কয়েকদিন ধরে পর্যাপ্ত ডিজেল নেই। ফলে অনেক পাম্প কার্যক্রম বন্ধ করে দিয়েছে। জ্বালানির অপেক্ষায় নদীর ঘাটে নোঙর করে আছে অসংখ্য মাছ ধরার ট্রলার।

জেলেরা জানান, সাগরে মাছ ধরতে যেতে একটি ট্রলারের জন্য প্রায় দুই হাজার লিটার পর্যন্ত ডিজেল প্রয়োজন হয়। কিন্তু গত কয়েকদিন ধরে তেল না পাওয়ায় শত শত ট্রলার ঘাটেই পড়ে আছে।

স্থানীয় মৎস্য ব্যবসায়ী ও ট্রলার মালিকদের মতে, কক্সবাজার উপকূলে প্রায় ৬ হাজার মাছ ধরার ট্রলার রয়েছে এবং এসব ট্রলারের জন্য প্রতি মাসে প্রায় ১০ থেকে ১৫ লাখ লিটার ডিজেল প্রয়োজন হয়।

মৎস্য ব্যবসায়ীরা বলছেন, দ্রুত জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে প্রায় এক থেকে দুই লাখ জেলে পরিবার চরম দুর্ভোগে পড়বে। এজন্য তারা সরকারের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]