মোজতবা খামেনির মাথার জন্য ১ কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপলোড সময় : ১৪-০৩-২০২৬ ০৬:৫৩:২৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৪-০৩-২০২৬ ০৬:৫৩:২৬ পূর্বাহ্ন
 

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি এবং তার সঙ্গে সংশ্লিষ্ট শীর্ষ কর্মকর্তাদের বিষয়ে তথ্য দিলে সর্বোচ্চ ১ কোটি ডলার পর্যন্ত পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচির আওতায় এই ঘোষণা দেওয়া হয়েছে।
 

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি সার্ভিস প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে মোজতবা খামেনিসহ ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)-এর সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তার তথ্য চাওয়া হয়েছে। তালিকায় উল্লেখ করা ব্যক্তিদের মধ্যে আছেন আলি আসগর হেজাজি, আলি লারিজানি, ইয়াহইয়া রহিম সাফাভি, স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিব।
 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, তালিকাভুক্ত ব্যক্তিরা আইআরজিসির বিভিন্ন কার্যক্রম পরিচালনা বা তদারকির সঙ্গে জড়িত বলে যুক্তরাষ্ট্রের দাবি। তাদের নেতৃত্বে পরিচালিত বিভিন্ন নেটওয়ার্ক আন্তর্জাতিক পর্যায়ে নানা কার্যক্রম পরিকল্পনা ও বাস্তবায়নের সঙ্গে যুক্ত থাকতে পারে বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।
 

এছাড়া নাম উল্লেখ না করে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ পদের কথাও বলা হয়েছে, যার মধ্যে রয়েছে সুপ্রিম ডিফেন্স কাউন্সিলের সেক্রেটারি, সর্বোচ্চ নেতার সামরিক দপ্তরের প্রধান, আইআরজিসির কমান্ডার-ইন-চিফ এবং সর্বোচ্চ নেতার উপদেষ্টা।
 

‘রিওয়ার্ডস ফর জাস্টিস’ কর্মসূচি জানিয়েছে, সংশ্লিষ্ট ব্যক্তিদের অবস্থান, নেটওয়ার্ক বা কার্যক্রম সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য থাকলে তা এনক্রিপ্টেড মেসেজিং প্ল্যাটফর্ম বা টর-ভিত্তিক যোগাযোগ মাধ্যমের মাধ্যমে গোপনীয়ভাবে পাঠানো যেতে পারে। যোগ্য তথ্য প্রদানকারীদের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার দেওয়া হতে পারে।
 

সূত্র: তুর্কি টুডে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]