জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর–এর বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনের নেতাকর্মীরা।
শুক্রবার (১৩ মার্চ) ভোর সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়–এর ভিসি চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে হলপাড়া হয়ে রাজু ভাস্কর্য–এর সামনে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং ঘটনার তীব্র প্রতিবাদ জানান। তারা অভিযোগ করেন, সাইফুল্লাহর বাড়িতে শুধু অগ্নিসংযোগই করা হয়নি, বরং তার পরিবার ও সন্তানদের হত্যার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।
নেতারা বলেন, ৫ আগস্ট পরবর্তী সময়ে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না।
এ সময় জাতীয় ছাত্রশক্তির নেতারা ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।