ফরিদপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যার দায়ে স্বামী আহাদ শেখকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল–এর বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
রায়ের সময় দণ্ডপ্রাপ্ত আসামি আহাদ শেখ আদালতে উপস্থিত ছিলেন। মামলার অপর দুই আসামিকে অভিযোগ থেকে খালাস দেওয়া হয়েছে।
সাজাপ্রাপ্ত আহাদ শেখ ফরিদপুর জেলার সালথা উপজেলা–এর বল্লভদী গ্রামের মৃত বাদশা শেখের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর গোলাম রব্বানী ভুঁইয়া রতন।
তিনি জানান, ২০১৭ সালের ১ আগস্ট যৌতুকের দাবিতে স্ত্রী রুবাইয়া বেগমকে মারধর করার পর হত্যা করা হয়।
এ ঘটনায় নিহতের মা রোমেছা বেগম বাদী হয়ে সালথা থানা–এ একটি হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে আদালত আজ এ রায় ঘোষণা করেন।