মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে ক্ষতিগ্রস্ত বাংলাদেশি প্রবাসীরা দেশে ফিরে এলে তাদের কর্মসংস্থান, ক্ষতিপূরণ এবং প্রয়োজনীয় সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর বুধবার (১১ মার্চ) নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত এক ইফতার মাহফিলের আলোচনা সভায় তিনি এ কথা জানান।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি কতদিন স্থায়ী হবে তা নিশ্চিতভাবে বলা যাচ্ছে না, তবে পরিস্থিতি খুব বেশি দীর্ঘস্থায়ী নাও হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, এই পরিস্থিতির ওপর বাংলাদেশের সরাসরি কোনো নিয়ন্ত্রণ নেই, তাই পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি ধৈর্য ধরে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে।
তিনি জানান, প্রধানমন্ত্রী সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশনা দিয়েছেন যাতে পরিস্থিতি আরও অবনতির দিকে গেলে দেশে ফিরে আসা প্রবাসীদের কল্যাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়। এ লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে যেসব প্রবাসীর ফ্লাইট টিকিট বাতিল হয়েছিল তাদের পুনরায় টিকিট নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে, তা বাড়ানোর জন্য সংশ্লিষ্ট দেশগুলোর দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
যুদ্ধ পরিস্থিতিতে নিহত প্রবাসী শ্রমিকদের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, কয়েকজন বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর ঘটনা ঘটেছে। এ বিষয়ে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের নেতৃত্বের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর আলোচনা হয়েছে এবং তারা সংহতি প্রকাশ করেছেন। তিনি আশা প্রকাশ করেন, ওই অঞ্চলে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বড় ধরনের সংকটে পড়তে হবে না।
এছাড়া তিনি বলেন, ভবিষ্যতে শ্রমবাজারের ঝুঁকি কমাতে মধ্যপ্রাচ্যের বাইরে ইউরোপসহ অন্যান্য অঞ্চলেও নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে সরকার কাজ করছে।
অনুষ্ঠানে প্রতিমন্ত্রী দেশের সামগ্রিক রাজনৈতিক পরিস্থিতির কথাও উল্লেখ করেন। তিনি বলেন, বর্তমান সরকার সব রাজনৈতিক শক্তির সহযোগিতা নিয়ে দেশকে এগিয়ে নিতে চায়। সরকারি দল, বিরোধী দল এবং নাগরিক সমাজ সম্মিলিতভাবে কাজ করলে আগামী কয়েক বছরে দেশের উন্নয়ন আরও এগিয়ে নেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
ইফতার মাহফিলে স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলা সভাপতি ইঞ্জিনিয়ার নাহিদ হোসেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদসহ ১০ দলীয় জোটের বিভিন্ন নেতাকর্মী অংশ নেন।