সিলেটে পেট্রোল পাম্প কর্মচারীকে ছুরিকাঘাত: তিন যুবক গ্রেপ্তার

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:৩২:০০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:৩২:০০ পূর্বাহ্ন

সিলেট নগরের চৌকিদেখি এলাকায় একটি পেট্রোল পাম্পের কর্মচারীকে ছুরিকাঘাতের ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মোটরসাইকেলে এসে জ্বালানি নেওয়ার সিরিয়াল নিয়ে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম শাখা।

পুলিশ জানায়, রাতে সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মিরপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় সিলেটের বিমানবন্দর থানা পুলিশ–এর একটি দল।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন  মো. ফাহিম অহমদ (২১), তামিম অহমদ (১৯) ও তানজিম অহমদ সজীব (১৯)।

পুলিশের তথ্য অনুযায়ী, সোমবার (৯ মার্চ) সন্ধ্যায় সিলেট নগরের চৌকিদেখি এলাকায় অবস্থিত উত্তরা পেট্রোল পাম্পে এ ঘটনা ঘটে। কয়েকজন যুবক মোটরসাইকেলে এসে সিরিয়াল ভেঙে জ্বালানি নিতে চাইলে পাম্পের কর্মচারী জাহাঙ্গীর আলম এতে আপত্তি জানান। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়।

একপর্যায়ে হামলাকারীরা পাম্প কর্মচারীকে মারধর করে এবং ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করা হয়।

ঘটনার পর আহত কর্মচারী জাহাঙ্গীর আলম বাদী হয়ে এয়ারপোর্ট থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]