রামুতে অটোচালককে হত্যা করে মিশুক ছিনতাই, মরদেহ উদ্ধার পাহাড়ি ঝিরি থেকে

আপলোড সময় : ১১-০৩-২০২৬ ০৮:১৩:৫৫ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০৩-২০২৬ ০৮:১৩:৫৫ পূর্বাহ্ন

কক্সবাজারের রামু উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) ছিনতাইয়ের উদ্দেশ্যে এক চালককে হত্যা করার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। পরে রাবার বাগানের পেছনের পাহাড়ি ঝিরি থেকে ওই চালকের মরদেহ উদ্ধার করে পুলিশ।

মঙ্গলবার (১০ মার্চ) বিকেলে রামু উপজেলার জোয়ারিয়ানালা এলাকায় বন শিল্প উন্নয়ন করপোরেশন পরিচালিত রামু রাবার বাগানের কারখানার পেছনের একটি পাহাড়ি ঝিরিতে স্থানীয়রা মরদেহটি দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

নিহত ব্যক্তির পরিচয় পাওয়া যায় শামসুল আলম হিসেবে। তিনি কক্সবাজার পৌরসভার পাহাড়তলী খাজা মঞ্জিল এলাকার বাসিন্দা আশরাফ মিয়ার ছেলে। দুই সন্তানের জনক শামসুল আলম অটোরিকশা চালিয়েই পরিবারের জীবিকা নির্বাহ করতেন।

পুলিশ ও গণমাধ্যমকর্মীরা মরদেহের পরিচয় নিশ্চিত করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি প্রকাশ করলে স্বজনরা সেটি দেখে তাকে শনাক্ত করেন। পরে মঙ্গলবার রাতে তারা কক্সবাজার থেকে রামু থানায় এসে বিষয়টি নিশ্চিত করেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, সোমবার সন্ধ্যায় শামসুল আলম বাড়িতে বাজার দিয়ে অটোরিকশা চালানোর উদ্দেশ্যে বের হন। কিন্তু রাতে তিনি আর বাড়িতে ফেরেননি এবং তার মোবাইল ফোনও বন্ধ পাওয়া যায়। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ছবি দেখে তারা জানতে পারেন, রামু রাবার বাগান এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পরিবারের সদস্যদের দাবি, অটোরিকশা ছিনতাইয়ের উদ্দেশ্যেই সংঘবদ্ধ একটি চক্র তাকে নির্জন রাবার বাগানে নিয়ে গিয়ে হত্যা করেছে। তারা ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ভূঁইয়া  জানান, পাহাড়ের নির্জন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং স্বজনরা মরদেহ শনাক্ত করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

স্থানীয়দের মতে, সাম্প্রতিক সময়ে রামু এলাকায় চালককে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের একাধিক ঘটনা ঘটেছে। ধারাবাহিক এসব ঘটনায় এলাকায় উদ্বেগ ও ক্ষোভ তৈরি হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]