ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম লাগামহীনভাবে বাড়তে থাকায় বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে ওয়াশিংটন। আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের উপরে উঠে যাওয়ার আশঙ্কায় তা নিয়ন্ত্রণে রাখতে এখন জরুরি পথ খুঁজছে যুক্তরাষ্ট্র। রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন নীতিনির্ধারকরা তেলের বাজার স্থিতিশীল রাখতে এবং অভ্যন্তরীণ অর্থনীতিকে রক্ষা করতে কয়েকটি বিশেষ ও কঠোর পদক্ষেপ নেওয়ার বিষয়ে নিবিড় আলোচনা করছেন।
মার্কিন প্রশাসনের টেবিল থাকা সম্ভাব্য কৌশলগুলোর মধ্যে প্রধান হলো যুক্তরাষ্ট্রের জরুরি তেল মজুদ (Strategic Petroleum Reserve) থেকে বড় পরিসরে তেল বাজারে ছাড়া। এছাড়া, অভ্যন্তরীণ সরবরাহ ঠিক রাখতে মার্কিন তেল রপ্তানি সাময়িকভাবে সীমিত করা এবং তেলের ভবিষ্যৎ বাজারে (Futures Market) সরাসরি হস্তক্ষেপ করার বিষয়টিও গুরুত্বের সাথে বিবেচনা করা হচ্ছে। ভোক্তাদের স্বস্তি দিতে ফেডারেল জ্বালানি কর সাময়িকভাবে মওকুফ এবং জ্বালানি পরিবহন সহজ করতে 'জোন্স অ্যাক্ট' (Jones Act) শিথিলের মতো আইনি পদক্ষেপের পরিকল্পনাও রয়েছে এই তালিকায়। বিশ্লেষকদের মতে, ইরান-মার্কিন সংঘাত দীর্ঘায়িত হলে তেলের আকাশচুম্বী দাম বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের মন্দা ডেকে আনতে পারে, যা ঠেকাতেই এই আগাম প্রস্তুতি নিচ্ছে ট্রাম্প প্রশাসন।
(সূত্র: Reuters)