হামলায় সৌদি আরবে বাংলাদেশিসহ নিহত ২

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:০৮:৫২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:০৮:৫২ অপরাহ্ন
সৌদি আরবের আল–খারজ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের আঘাতে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতীয়। রোববারের হামলার এ ঘটনায় ১২ জন আহত হওয়ার তথ্য এক্স পোস্টে দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স। নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি। খবর বিডিনিউজের।
 
ইরান যুদ্ধ শুরুর পর এর আগে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত ও বাহরাইনে একজন করে বাংলাদেশি আহত হয়েছিলেন। কুয়েতসহ আরও কয়েকটি দেশে প্রবাসী বাংলাদেশিদের আহত হওয়ার খবর এসেছিল। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুদ্ধ ছড়িয়ে পড়ার মধ্যে রোববার সৌদি আরবে হামলা ও হতাহতের এ খবর সৌদি সিভিল ডিফেন্সের এক্স পোস্টের বরাতে দিয়েছে রয়টার্স ও আল জাজিরা। এতে বলা হয়, আল খারজ শহরের ওই আবাসিক এলাকার ভবনে প্রজেক্টাইল (উড়ন্ত বস্তু নিক্ষেপ) দিয়ে হামলা চালানো হয়। এর আগে এদিন ইরানের রেভল্যুশনারি গার্ড কোর্পস (আইআরজিসি) দাবি করেছিল, তারা সৌদি আরবের আল–খারজসহ বিভিন্ন স্থানের রেডার সিস্টেম লক্ষ্য করে হামলা চালিয়েছে।
 
তাদের দাবি, তারা মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের ‘থাড’ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে যুক্ত চারটি রেডার ধ্বংস করেছে।
 
আইআরজিসির বরাতে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, ‘প্রিসিশন ক্ষেপণাস্ত্র’ দিয়ে এসব রাডারে হামলা চালানো হয়। ‘টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স’ বা ‘থাড’ হলো যুক্তরাষ্ট্রের প্রধান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যা মূলত ধেয়ে আসা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র শনাক্ত ও মাঝপথে ধ্বংস করার জন্য তৈরি করা হয়েছে। এর আগেও সৌদি আরবে থাকা মার্কিন সেনাদের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছিল ইরান।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]