শাহ আমানতে আরো ৫ আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আপলোড সময় : ০৯-০৩-২০২৬ ১২:০১:১২ অপরাহ্ন , আপডেট সময় : ০৯-০৩-২০২৬ ১২:০১:১২ অপরাহ্ন
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা বিমানবন্দর বন্ধ থাকায় চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরো পাঁচটি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে করে গত ২৮ ফেব্রুয়ারি থেকে এ পর্যন্ত মোট ৮৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হলো। গতকাল রোববার বিমানবন্দর কর্তৃপক্ষের প্রকাশিত সর্বশেষ প্রেস বুলেটিনে এ তথ্য জানানো হয়। বিমানবন্দর সূত্র জানায়, গতকাল বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্য থেকে আসা একটি এরাইভাল এবং একটি ডিপার্চার ফ্লাইট। এছাড়া এয়ার এরাবিয়ার একটি এরাইভাল ও একটি ডিপার্চার ফ্লাইট বাতিল হয়েছে। একইসঙ্গে ইউএস বাংলার মধ্যপ্রাচ্যগামী একটি ডিপার্চার ফ্লাইটও বাতিল করা হয়েছে।
 
তবে ফ্লাইট বাতিলের মধ্যেও কিছু আন্তর্জাতিক ফ্লাইট চলাচল স্বাভাবিক ছিল। বিভিন্ন এয়ারলাইনসের মধ্যপ্রাচ্য থেকে আগত ছয়টি এরাইভাল ফ্লাইট এবং পাঁচটি ডিপার্চার ফ্লাইট গতকাল সচল ছিল বলে জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।
 
বিমানবন্দরের জনসংযোগ বিভাগ জানায়, ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার কারণে দুবাই, আবুধাবি, শারজাহ ও দোহা এয়ারফিল্ড বন্ধ থাকায় ধারাবাহিকভাবে ফ্লাইট বাতিল হচ্ছে। সর্বশেষ গতকালের পাঁচটি ফ্লাইট বাতিলসহ এ পর্যন্ত ৮৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
 
জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট পরিচালনায় অনিশ্চয়তা থাকতে পারে। যাত্রীদের ফ্লাইট সংক্রান্ত সর্বশেষ তথ্য জানতে সংশ্লিষ্ট এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]