দুবাইগামী সব ফ্লাইট স্থগিত করল এমিরেটস: যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ০১:৩৭:৩১ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ০১:৩৭:৩১ অপরাহ্ন

মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও আকাশসীমা বন্ধ থাকার কারণে দুবাইগামী এবং দুবাই থেকে ছেড়ে আসা সকল নির্ধারিত ফ্লাইট স্থগিত করেছে এমিরেটস এয়ারলাইন্স। শনিবার (৭ মার্চ) পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। মূলত ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সাম্প্রতিক সামরিক সংঘাতের জেরে আঞ্চলিক আকাশপথ অনিরাপদ হয়ে ওঠায় যাত্রীদের নিরাপত্তার স্বার্থে এই কঠোর সিদ্ধান্ত নিয়েছে দুবাই ভিত্তিক এই এয়ারলাইন্সটি। একই সাথে বিমানবন্দরে ভিড় এড়াতে এবং যাত্রীদের ভোগান্তি কমাতে পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত কাউকেও বিমানবন্দরে না আসার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

 

​এমিরেটস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আকাশসীমা বন্ধ থাকায় শিডিউল বিপর্যয় এড়ানো অসম্ভব হয়ে পড়েছে। তবে আটকে পড়া যাত্রীদের সুবিধার্থে এবং জরুরি প্রয়োজনে অত্যন্ত সীমিত পরিসরে কিছু বিশেষ ফ্লাইট পরিচালনা করা হচ্ছে। শুধুমাত্র সেই সকল যাত্রীদের বিমানবন্দরে আসার অনুমতি দেওয়া হচ্ছে, যাদের কাছে এমিরেটসের পক্ষ থেকে সরাসরি কনফার্মেশন মেসেজ বা নিশ্চিত টিকিট রয়েছে। ট্রানজিট যাত্রীদের ক্ষেত্রে জানানো হয়েছে, তাদের পরবর্তী সংযোগকারী ফ্লাইট সচল না থাকলে তাদের দুবাইগামী বিমানে উঠতে দেওয়া হবে না।

 

​গত ২৮ ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে শুরু হওয়া এই অস্থিতিশীল পরিস্থিতির কারণে গত কয়েক দিনে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB) থেকে হাজার হাজার ফ্লাইট বাতিল হয়েছে। এমিরেটস ছাড়াও ফ্লাই দুবাই, কাতার এয়ারওয়েজ এবং ইতিহাদ এয়ারওয়েজ তাদের কার্যক্রম সীমিত বা স্থগিত করেছে। এয়ারলাইন্সটি যাত্রীদের নিয়মিত তাদের অফিসিয়াল ওয়েবসাইট বা মোবাইল অ্যাপের মাধ্যমে ফ্লাইটের সর্বশেষ অবস্থা পরীক্ষা করার পরামর্শ দিয়েছে। আকাশপথ নিরাপদ ঘোষণা করার সাথে সাথেই পুনরায় পুরোদমে কার্যক্রম শুরু করার পরিকল্পনা রয়েছে এমিরেটসের। (সূত্র: গালফ নিউজ ও এমিরেটস প্রেস রিলিজ)

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]