জ্বালানি তেল পাচার রোধে যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় টহল ও তল্লাশি কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সীমান্ত দিয়ে তেল পাচারের আশঙ্কা থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
শুক্রবার (৬ মার্চ) বেনাপোল স্থলবন্দর গেট দিয়ে ভারতগামী দেশীয় ও ভারতীয় ট্রাকগুলোতে বাড়তি সতর্কতার সঙ্গে তল্লাশি চালাতে দেখা যায় বিজিবি সদস্যদের। বন্দর এলাকায় প্রবেশ ও বের হওয়া বিভিন্ন যানবাহন এবং পণ্যবাহী ট্রাক বিশেষভাবে পরীক্ষা করা হচ্ছে।
বিজিবি সূত্র জানিয়েছে, সাম্প্রতিক বৈশ্বিক অস্থিরতা ও যুদ্ধ পরিস্থিতির কারণে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম বেড়েছে। এ সুযোগে কিছু অসাধু চক্র দেশে কৃত্রিম সংকট তৈরি ও অতিরিক্ত মুনাফা অর্জনের উদ্দেশ্যে জ্বালানি তেল মজুত কিংবা সীমান্ত দিয়ে পাচারের চেষ্টা করতে পারে—এমন আশঙ্কায় নজরদারি বাড়ানো হয়েছে।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে জানান, বিজিবি সদর দপ্তরের নির্দেশনা অনুযায়ী সীমান্ত এলাকায় জনবল বৃদ্ধি, বিশেষ টহল এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে বেনাপোল স্থলবন্দর ছাড়াও শার্শা ও চৌগাছা সীমান্ত এলাকায় অতিরিক্ত বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে।
তিনি জানান, গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে যানবাহন ও সন্দেহভাজন পরিবহনগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। অতীতে যেসব রুট দিয়ে ডিজেল ও পেট্রোল পাচারের চেষ্টা হয়েছিল, সেসব এলাকাতেও টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবির এই কর্মকর্তা আরও বলেন, সীমান্ত পথে কোনোভাবেই যাতে জ্বালানি তেল পাচার না হতে পারে সে বিষয়ে বাহিনীর সদস্যরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দেশের জ্বালানি সম্পদ সুরক্ষায় সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।