ইরানজুড়ে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা, পাল্টা আঘাতের দাবি তেহরানের

আপলোড সময় : ০৭-০৩-২০২৬ ১০:২৬:১০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৩-২০২৬ ১০:২৬:১০ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বেড়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা এবং ইরানের পাল্টা সামরিক অভিযানের কারণে। রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে ধারাবাহিক হামলা চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে। একই সঙ্গে ইরানও পাল্টা জবাব হিসেবে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও মিত্রদের স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছে।

ইরানি গণমাধ্যম ও আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, তেহরানের মেহরাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনায় হামলা চালানো হয়েছে। এছাড়া ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, ইরানের সর্বোচ্চ নেতার কার্যালয়ের ডেপুটি চিফ অব স্টাফ আলি-আসগর হেজাজিকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয় এবং এতে তিনি নিহত হয়েছেন। তবে এ বিষয়ে ইরানি কর্তৃপক্ষের আনুষ্ঠানিক কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

এদিকে, কোম শহরে হামলায় অন্তত দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। নাতাঞ্জ শহরের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। মার্কিন সেনাবাহিনীর দাবি অনুযায়ী, চলতি সপ্তাহে ইরানে তিন হাজারের বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে, অভিযান শুরুর পর গত এক সপ্তাহে তেহরানের ৪৩টি যুদ্ধজাহাজ ধ্বংস করা হয়েছে।

অন্যদিকে, ইরানও পাল্টা অভিযানের অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাত ও জর্ডানে থাড রাডার ধ্বংসের দাবি করেছে। তেহরানের দাবি অনুযায়ী, কাতারেও যুক্তরাষ্ট্রের একটি এফপিএস-১৩২ রাডার ধ্বংস করা হয়েছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি জানিয়েছে, তারা ‘অপারেশন ট্রু প্রমিজ’-এর ২৩তম ধাপ পরিচালনা করেছে।

এই অভিযানে ইসরায়েলের তেলআবিব, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এবং হাইফার সামরিক স্থাপনাকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে আইআরজিসি। তবে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে, এসব হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। যদিও দেশটির বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা গেছে।

এছাড়া শুক্রবারের অভিযানে খোররামশার-৪ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথাও জানিয়েছে আইআরজিসি। একই সময় ইরাকের বসরা শহরে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন বিদেশি তেল কোম্পানির কর্মীদের আবাসিক এলাকাকে লক্ষ্য করে হামলার ঘটনাও ঘটেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]