লেবানন সীমান্তে সামরিক অভিযানে অংশ নিতে গিয়ে ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচের ছেলেসহ কয়েকজন ইসরায়েলি সেনা আহত হয়েছেন। শুক্রবার দেশটির আর্মি রেডিও এ তথ্য জানিয়েছে। তবে আহতদের অবস্থা বা ঘটনার বিস্তারিত এখনো প্রকাশ করেনি ইসরায়েলি কর্তৃপক্ষ।
প্রতিবেদন অনুযায়ী, লেবানন সীমান্ত এলাকায় চলমান সামরিক তৎপরতার সময় এই হতাহতের ঘটনা ঘটে। সাম্প্রতিক সময় মধ্যপ্রাচ্যে উত্তেজনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে ইসরায়েল-লেবানন সীমান্তেও সংঘর্ষের আশঙ্কা বাড়ছে।
গত শনিবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা শুরু করার পর পুরো অঞ্চলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ওই হামলার প্রথম দিনেই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে দাবি করা হয়।
এরপর ইরানের প্রতি সংহতি জানিয়ে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে রকেট ও ড্রোন হামলা চালায়। এর জবাবে ইসরায়েল লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় এবং দক্ষিণ লেবাননে সেনা মোতায়েন জোরদার করে।
এদিকে ইসরায়েলের কট্টর ডানপন্থী রাজনীতিক বেজালেল স্মোট্রিচ ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর অবস্থানের জন্য পরিচিত। সম্প্রতি তিনি লেবাননের রাজধানী বৈরুতের একটি অংশকে গাজা উপত্যকার খান ইউনিস শহরের মতো ধ্বংসস্তূপে পরিণত করার হুমকিও দিয়েছিলেন।