চিকিৎসাসেবা উন্নয়নে বড় কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে: ডা. আব্দুস সালাম

আপলোড সময় : ০৬-০৩-২০২৬ ১২:০৭:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৬-০৩-২০২৬ ১২:০৭:২৩ পূর্বাহ্ন

 

দেশের চিকিৎসাসেবা আরও উন্নত ও সহজলভ্য করতে সরকার ব্যাপক কর্মপরিকল্পনা গ্রহণ করেছে বলে জানিয়েছেন বিএনপি নেতা ও ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ডা. মো. আব্দুস সালাম। তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের স্বাস্থ্যব্যবস্থাকে ঢেলে সাজাতে ইতোমধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেই পরিকল্পনার বাস্তবায়ন শুরু হয়েছে।
 

বৃহস্পতিবার (৫ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ ক্যাম্পাসে আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) রংপুর শাখা। বক্তব্যে ডা. আব্দুস সালাম বলেন, দেশের প্রতিটি নাগরিক যেন সহজে মানসম্মত চিকিৎসাসেবা পেতে পারে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে।
 

তিনি আরও বলেন, চিকিৎসকদের কাঁধে বড় দায়িত্ব রয়েছে। তাই চিকিৎসা পেশাকে মানবসেবার অংশ হিসেবে দেখার আহ্বান জানান তিনি। একই সঙ্গে উত্তরাঞ্চলের স্বাস্থ্যশিক্ষা উন্নয়নের স্বার্থে রংপুর মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার বিষয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন।
 

অনুষ্ঠানে ইফতার উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. জাবেদ আখতারের সভাপতিত্বে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ড্যাব কেন্দ্রীয় কমিটির সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ এবং মহাসচিব ডা. জহিরুল ইসলাম সাকিলসহ সংগঠনের অন্যান্য নেতারা।
 

এছাড়া অনুষ্ঠানে রংপুর মহানগর বিএনপির নেতৃবৃন্দ, চিকিৎসক, ইন্টার্ন চিকিৎসক, নার্স ও বিভিন্ন পেশাজীবী উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, দেশের স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন এবং চিকিৎসকদের পেশাগত দায়িত্ববোধ জোরদার করার লক্ষ্যে এ ধরনের আলোচনা ও মতবিনিময় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]