দেশের কল্যাণ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান

আপলোড সময় : ০৫-০৩-২০২৬ ০১:১৮:২৭ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৫-০৩-২০২৬ ০১:১৮:২৭ পূর্বাহ্ন

দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থ বিসর্জন দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো গোপন বা অসম্মানজনক চুক্তি করা হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। বুধবার (৪ মার্চ) ঢাকা সফররত মার্কিন দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুরের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়তার সাথে উল্লেখ করেন যে, নির্বাচনের আগে জনস্মুখ থেকে আড়াল করে ওয়াশিংটনের সঙ্গে কোনো সমঝোতা হয়েছে—এমন ধারণা সম্পূর্ণ ভিত্তিহীন ও ভুল। বাণিজ্যের ক্ষেত্রে যাচাই-বাছাইয়ের সুযোগ থাকলেও জাতীয় স্বার্থের প্রশ্নে কোনো আপোস করা হয়নি।

 

​পররাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আলোচনা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সবসময় দেশের স্বার্থ রক্ষা করে অন্যান্য দেশের সঙ্গে সুষম পররাষ্ট্রনীতি বজায় রাখবে। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আলোচনার মাধ্যমে সংকটের স্থায়ী সমাধানের আহ্বান জানিয়েছে ঢাকা। এছাড়া যুক্তরাষ্ট্রে বসবাসরত অনিয়মিত বা অবৈধ অভিবাসী বাংলাদেশিদের ফিরিয়ে আনার প্রক্রিয়াটিকে যেন মানবিক ও সম্মানজনক করা হয়, সে বিষয়েও মার্কিন প্রতিনিধিকে অনুরোধ জানানো হয়েছে।

 

​প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী সাফ জানিয়ে দেন, পল কাপুরের সঙ্গে এই সফরে প্রতিরক্ষা চুক্তি বা এ সংক্রান্ত কোনো সহযোগিতা নিয়ে আলোচনা হয়নি। ইন্দো-প্যাসিফিক অঞ্চল নিয়ে প্রাথমিক কথা হলেও তা বিস্তৃত কোনো পর্যায়ে পৌঁছায়নি। তিনি আরও যোগ করেন, ইন্দো-প্যাসিফিক জোটের বিষয়টি নতুন সরকার গভীরভাবে পর্যবেক্ষণ করবে, তবে বাংলাদেশ কোনো সামরিক বা বিশেষ জোটে সরাসরি যুক্ত হওয়ার পক্ষপাতী নয়। উল্লেখ্য, দুই দিনের সফরে আসা পল কাপুর পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদসহ সরকারের উচ্চপদস্থ প্রতিনিধি ও ব্যবসায়ীদের সঙ্গেও মতবিনিময় করছেন।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]