আসন্ন পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের তৈরি পোশাক খাতসহ সকল শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের বকেয়া বেতন ও ঈদ বোনাস পরিশোধের সময়সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। আগামী ৭ কর্মদিবসের মধ্যে বকেয়া বেতন এবং ১২ মার্চের মধ্যে ঈদ বোনাস পরিশোধের জন্য মালিকপক্ষকে কড়া নির্দেশ দিয়েছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী।
মঙ্গলবার (০৩ মার্চ) রাজধানীর সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত ত্রিপক্ষীয় পরামর্শ পরিষদের (টিসিসি) ৯৪তম এবং আরএমজি টিসিসি-র ২৩তম সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সিদ্ধান্তসমূহ:
২. শ্রমিকদের ঈদ বোনাস ১২ মার্চের মধ্যে পরিশোধ করতে হবে।
৩. কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়া এই মুহূর্তে শ্রমিকদের লে-অফ বা ছাঁটাই করা যাবে না।
৪. জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের পাশাপাশি শ্রম আইন ২০০৬ অনুযায়ী মালিক ও শ্রমিকপক্ষ আলোচনার মাধ্যমে ছুটি নির্ধারণ করবেন।
সভায় মন্ত্রী বলেন, "মালিক ও শ্রমিকপক্ষকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে যাতে কোনো ধরনের জনভোগান্তি বা শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়।" তিনি আরও জানান, সরকার শ্রমখাতে স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এবং শ্রম প্রতিমন্ত্রী নুরুল হক মালিকদের প্রতি সময়মতো বেতন-ভাতা পরিশোধের আহ্বান জানান। সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের উপদেষ্টা মাহদী আমিনসহ সংশ্লিষ্ট দপ্তরের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে বিশ্ববাজারে যে অস্থিরতা তৈরি হয়েছে, তার প্রভাব যেন দেশের শ্রমখাতে না পড়ে সেজন্যই সরকার আগাম এই কঠোর পদক্ষেপ নিয়েছে।