বর্তমান প্রজন্মের নৈতিক অবক্ষয় রোধ ও আদর্শ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব প্রণীত ‘সীরাতুর রাসূল (ছা.)’ পুস্তকটি জাতীয় শিক্ষাক্রমে অন্তর্ভুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদগণ। মঙ্গলবার (০৩ মার্চ) বিকেলে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক সীরাত সেমিনার ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা সরকারের প্রতি এই আহ্বান জানান।
হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমী ও হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ সকল শিক্ষাস্তরে রাসূলুল্লাহ (সা.)-এর সঠিক ও বিশুদ্ধ জীবনচরিত পঠন আবশ্যক। ড. গালিবের এই গবেষণাগ্রন্থটি তরুণ সমাজকে মানবিক, নৈতিক ও দায়িত্বশীল হিসেবে গড়ে তুলতে বিশেষ ভূমিকা রাখবে। বর্তমান প্রজন্মের সামনে নৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় সীরাত চর্চার কোনো বিকল্প নেই বলেও তারা অভিমত ব্যক্ত করেন।
হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিব-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ-এর সেক্রেটারী জেনারেল অধ্যাপক নুরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন:
- শামসুল আলম, সচিব, হাদীছ ফাউন্ডেশন শিক্ষাবোর্ড।
- ড. মোহাম্মদ হেদায়েতুল্লাহ, কারিকুলাম বিশেষজ্ঞ, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড।
- ড. মুহাম্মদ কাবীরুল ইসলাম, প্রধান পরিদর্শক, হাদীছ ফাউন্ডেশন শিক্ষা বোর্ড।
- ড. ইমাম হোসাইন, সহযোগী অধ্যাপক, জাতীয় বিশ্ববিদ্যালয়।
এছাড়াও ঢাকা দক্ষিণ জেলা আহলেহাদীছ আন্দোলনের সভাপতি মুহাম্মদ আহসান, বিশিষ্ট আইনজীবী ড. রফিকুল ইসলাম মেহেদীসহ দেশের বিশিষ্ট আলেম, গবেষক ও সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে সীরাত বিষয়ক অনলাইন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হাদীছ ফাউন্ডেশন অনলাইন একাডেমীর কো-অর্ডিনেটর আবু রায়হান।