ইরানের পাল্টা হামলায় ইসরাইলে নিহত দুইজন , শতাধিক আহত হাসপাতালে

আপলোড সময় : ০১-০৩-২০২৬ ০৭:১৭:০৪ অপরাহ্ন , আপডেট সময় : ০১-০৩-২০২৬ ০৭:১৭:০৪ অপরাহ্ন
 

ইরানের প্রতিশোধমূলক হামলায় ইসরাইলে দুইজন নিহত হয়েছেন—এ তথ্য প্রথমবারের মতো স্বীকার করেছে দেশটির সামরিক বাহিনী। পাশাপাশি শতাধিক মানুষকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য কর্তৃপক্ষ। চলমান উত্তেজনার প্রেক্ষাপটে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানের পর এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
 

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরাইল ও যুক্তরাষ্ট্র ইরানে যৌথ হামলা চালায় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। ওই হামলায় ইরানে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর প্রকাশিত হলেও শুরুতে ইসরাইলে হতাহতের তথ্য আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। পরে ইরানের দফায় দফায় পাল্টা আঘাতের মধ্যে ইসরাইলি কর্তৃপক্ষ হতাহতের বিষয়টি নিশ্চিত করে।
 

ইসরাইলি ডিফেন্স ফোর্স (আইডিএফ)-এর মুখপাত্র এফফি ডেফরিন এক ব্রিফিংয়ে জানান, ইরানের হামলায় দুইজন ইসরাইলি নিহত হয়েছেন। তিনি বলেন, আইডিএফের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও তা সম্পূর্ণ ত্রুটিমুক্ত নয়। নাগরিকদের নিরাপত্তা নির্দেশনা মেনে চলা এবং হামলার সময় আশ্রয়কেন্দ্রে অবস্থান করার আহ্বান জানান তিনি।
 

ইসরাইলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত শুরুর পর থেকে ৪৫৬ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। তাদের মধ্যে ৮৬ জন এখনও চিকিৎসাধীন এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে রয়েছেন। বাকি আহতদের অধিকাংশ প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন বলে জানানো হয়।
 

আইডিএফ দাবি করেছে, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থায় উল্লেখযোগ্য ক্ষতি সাধন করা হয়েছে এবং নির্ধারিত লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে মার্কিন বাহিনীর সঙ্গে সমন্বয় অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।
 

অন্যদিকে, ইরানের হামলার ফলে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হয়েছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। সামগ্রিক পরিস্থিতি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য নতুন উদ্বেগ তৈরি করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]