যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার আশঙ্কায় নিজেদের তেলের মজুদ দ্রুত খালি করতে শুরু করেছে ইরান। গত কয়েকদিনে তেহরান তাদের তেল রপ্তানির পরিমাণ অস্বাভাবিক হারে বাড়িয়ে দিয়েছে, যা ওয়াশিংটনের সাথে চলমান উত্তেজনার মাঝে এক বড় ধরনের যুদ্ধ প্রস্তুতির ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম ব্লুমবার্গ (Bloomberg) তাদের এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
ব্লুমবার্গের প্রতিবেদন এবং স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে দেখা গেছে, গত ১৫ থেকে ২০ ফেব্রুয়ারির মধ্যে ইরান তাদের প্রধান তেল রপ্তানি কেন্দ্র ‘খার্গ দ্বীপ’ থেকে প্রায় ২ কোটি ব্যারেল অপরিশোধিত তেল বিভিন্ন জাহাজে লোড করেছে। এই পরিমাণটি গত জানুয়ারি মাসের একই সময়ের তুলনায় প্রায় তিনগুণ এবং ইরানের সাধারণ রপ্তানি হারের চেয়েও বহুগুণ বেশি। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে, ইরানের তেল টার্মিনালগুলোর কাছে অবস্থানরত বিশালকায় জাহাজের সংখ্যা আগের তুলনায় দ্বিগুণেরও বেশি বেড়েছে। সামরিক ও অর্থনৈতিক বিশ্লেষকদের মতে, সম্ভাব্য যুদ্ধ শুরু হওয়ার আগেই ইরান তাদের কৌশলগত তেলের মজুদ কমিয়ে ফেলছে। মূলত তেলক্ষেত্রে হামলা হলে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো এবং মজুদ করা তেল নিরাপদ স্থানে সরিয়ে ফেলাই তেহরানের বর্তমান লক্ষ্য। এই তড়িৎ পদক্ষেপটি ইঙ্গিত দিচ্ছে যে, ইরান খুব শীঘ্রই কোনো বড় ধরনের সামরিক সংঘাতের আশঙ্কা করছে।