যৌন অপরাধী জেফ্রি এপস্টেইনের সঙ্গে অতীত সুসম্পর্কের বিষয়ে নিজের ভুল স্বীকার করে ‘গেটস ফাউন্ডেশন’-এর কর্মীদের কাছে ক্ষমা চেয়েছেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। সম্প্রতি এক ‘টাউন হল’ সভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এপস্টেইনের সঙ্গে তার যোগাযোগকে একটি “বড় ভুল” হিসেবে অভিহিত করেন। প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল-এর এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, বিল গেটস স্বীকার করেছেন যে ২০১১ থেকে ২০১৪ সালের মধ্যে তিনি বেশ কয়েকবার জেফ্রি এপস্টেইনের সঙ্গে দেখা করেছিলেন। এই সময়ের মধ্যে তিনি এপস্টেইনের ব্যক্তিগত বিমানে ভ্রমণ করেছেন এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপের বিভিন্ন বৈঠকে অংশ নিয়েছেন। তবে নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে গেটস দাবি করেন, এই যোগাযোগ চলাকালে তিনি কোনো ধরনের “অবৈধ কর্মকাণ্ডে” লিপ্ত হননি এবং এপস্টেইনের হাতে নিগৃহীত কোনো ভুক্তভোগীর সঙ্গেও তার কখনও পরিচয় বা যোগাযোগ ছিল না। কর্মীদের সামনে তিনি আরও স্বীকার করেন যে, তার অতীতে দুটি বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল, যা ব্যক্তিগত জীবনের অংশ। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন যে, ওইসব ব্যক্তিগত সম্পর্কের সঙ্গে এপস্টেইনের কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের কোনো যোগসূত্র নেই। মূলত ফাউন্ডেশনের ভাবমূর্তি রক্ষা এবং কর্মীদের বিভ্রান্তি দূর করতেই গেটস এই সরাসরি ক্ষমা প্রার্থনা এবং ব্যাখ্যা দেওয়ার পথ বেছে নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।
(সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল)