বাংলাদেশ ব্যাংকের তিন শীর্ষ কর্মকর্তাকে ঢাকার বাইরে বদলির সিদ্ধান্ত থেকে সরে এসেছে কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংস্থার মানবসম্পদ বিভাগ (এইচআরডি) থেকে জারি করা এক নির্দেশনায় আগের দিনের দেওয়া বদলি আদেশটি আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়। এর ফলে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের বর্তমান বিভাগেই বহাল থাকছেন। তবে একই দিনে ব্যাংকটির চারজন পরিচালক এবং একজন অতিরিক্ত পরিচালককে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে বদলি করে নতুন আদেশ জারি করেছে কর্তৃপক্ষ।
বদলির আদেশ প্রত্যাহার হওয়া তিন কর্মকর্তা হলেন— বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক ও এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি এ কে এম মাসুম বিল্লাহ এবং সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ। মঙ্গলবার তাদের ঢাকার বাইরে বদলির যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, তা প্রত্যাহারের মাধ্যমে বর্তমান কর্মস্থলেই তাদের স্থায়িত্ব নিশ্চিত করা হলো।
প্রশাসনিক এই রদবদলের অংশ হিসেবে বুধবার পৃথক এক আদেশে পাঁচজন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। আদেশ অনুযায়ী, হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এর পরিচালক মো. জয়নুল ইসলামকে আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগে এবং আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগের পরিচালক মো. শহিদ রেজাকে হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট-১-এ বদলি করা হয়েছে। এছাড়া ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এর পরিচালক মো. বায়েজিদ সরকারকে মতিঝিল অফিসে ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক (কারেন্সি) হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
অন্যদিকে, মতিঝিল অফিসের পরিচালক গাজী মো. মাহবুবুল ইসলামকে ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১-এ এবং গভর্নর অফিসের অতিরিক্ত পরিচালক মো. কামরুল ইসলামকে সদরঘাট অফিসে বদলি করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুততম সময়ের মধ্যে বর্তমান দপ্তর থেকে দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।