ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি মধ্যপ্রাচ্যের বিশাল ভূখণ্ড দখল করে ‘বৃহত্তর ইসরায়েল’ গঠনের পক্ষে সাফাই গেয়ে এক চরম বিতর্কিত মন্তব্য করেছেন। তার দাবি, নীল নদ থেকে দজলা-ফোরাত পর্যন্ত বিস্তৃত অঞ্চলের ওপর ইসরায়েলের ‘বাইবেলসম্মত’ অধিকার রয়েছে। এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সৌদি আরব, মিসর ও জর্ডান একে আন্তর্জাতিক আইনের চরম লঙ্ঘন এবং উস্কানিমূলক বলে অভিহিত করেছে।
মূলত সাম্প্রতিক এক পডকাস্টে ‘গ্রেটার ইসরায়েল’ বা বৃহত্তর ইসরায়েল প্রজেক্ট নিয়ে হাকাবিকে প্রশ্ন করা হলে তিনি সরাসরি এর পক্ষ নেন। হাকাবি বলেন, ইসরায়েল যদি এই পুরো অঞ্চলটি নিজের নিয়ন্ত্রণে নিতে পারে, তবে সেটি ইতিবাচক হবে; কারণ ধর্মগ্রন্থ তাদের এই অধিকার প্রদান করেছে। উল্লেখ্য, ‘বৃহত্তর ইসরায়েল’ ধারণা অনুযায়ী বর্তমান ফিলিস্তিন ছাড়াও জর্ডান, সিরিয়া, লেবানন এবং ইরাক ও সৌদি আরবের একাংশকে ইসরায়েলের অন্তর্ভুক্ত বলে দাবি করা হয়।
মার্কিন রাষ্ট্রদূতের এমন সাম্রাজ্যবাদী অবস্থানের প্রেক্ষিতে আরব বিশ্বে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। জর্ডান, মিসর ও সৌদি আরব এক যৌথ বিবৃতিতে এই মন্তব্যের নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের বক্তব্য কেবল অযৌক্তিকই নয়, বরং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতাকে চরমভাবে হুমকির মুখে ঠেলে দিচ্ছে। তারা স্পষ্টভাবে জানিয়েছে, সার্বভৌম রাষ্ট্রের সীমানা নিয়ে এ ধরনের মন্তব্য আন্তর্জাতিক রীতি ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী। বিশ্লেষকরা মনে করছেন, মার্কিন কূটনীতিকের এই অবস্থান ওই অঞ্চলে দীর্ঘমেয়াদী অস্থিরতা ও সংঘাতের পথ প্রশস্ত করতে পারে।