যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত গ্লোবাল ট্যারিফ বা বিশ্বব্যাপী ঢালাও শুল্ক আরোপের নীতিকে অবৈধ বলে রায় দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। উচ্চ আদালত স্পষ্ট জানিয়েছে, আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA) ব্যবহার করে প্রেসিডেন্ট এককভাবে এ ধরনের শুল্ক আরোপ করতে পারেন না। এই রায়কে ‘ভয়াবহ’ ও ‘অপমানজনক’ আখ্যা দিয়ে ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এবং বাতিল হওয়া শুল্কের পরিবর্তে পুনরায় ১০ শতাংশ নতুন বৈশ্বিক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন।
সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জন রবার্টস রায়ে উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী শুল্ক আরোপের ক্ষমতা একমাত্র কংগ্রেসের হাতে ন্যস্ত। জাতীয় জরুরি অবস্থার দোহাই দিয়ে ট্রাম্প তাঁর ক্ষমতার সীমা অতিক্রম করেছেন। রায়ে আরও বলা হয়, প্রেসিডেন্টকে এমন অসাধারণ ক্ষমতা প্রয়োগ করতে হলে কংগ্রেসের স্পষ্ট অনুমোদন প্রয়োজন, যা তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন। গত এপ্রিল মাসে বিশ্বের প্রায় সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের নির্দেশ দিয়েছিলেন ট্রাম্প, যা এই রায়ের ফলে আইনি ভিত্তি হারালো।
আদালতের এই সিদ্ধান্তের পর হোয়াইট হাউজে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বিচারকদের কড়া সমালোচনা করেন। তিনি তাঁর বাণিজ্যনীতি প্রত্যাখ্যানকারী বিচারকদের ‘মূর্খ’ বলে অভিহিত করেন এবং বলেন, “আমি আদালতের কিছু সদস্যকে নিয়ে লজ্জিত। দেশের স্বার্থে সঠিক সিদ্ধান্ত নেওয়ার সাহস তাঁদের নেই।” আদালতের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে তিনি তৎক্ষণাৎ নতুন শুল্ক কাঠামো ঘোষণা করেন, যা বিশ্ব বাণিজ্যে নতুন করে অস্থিরতা তৈরি করতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।
(সূত্র:বিবিসি)