রেমিট্যান্স প্রবাহে জোয়ার আসায় বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় ধরনের মাইলফলক অর্জিত হয়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী, দেশের নিট রিজার্ভ এখন ৩০ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই ইতিবাচক তথ্য নিশ্চিত করেছে। বর্তমান বাজার দর অনুযায়ী (প্রতি ডলার ১২২ টাকা) দেশীয় মুদ্রায় এই রিজার্ভের পরিমাণ প্রায় ৩ লাখ ৬৬ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, বর্তমানে দেশের মোট রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৪ দশমিক ৭৭ বিলিয়ন ডলারে। রিজার্ভের এই উল্লম্ফনের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে প্রবাসী আয়ের অভাবনীয় প্রবৃদ্ধি। চলতি ফেব্রুয়ারি মাসের প্রথম ১৮ দিনেই প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ২১২ কোটি ৬০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ হাজার কোটি টাকা। গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৬ কোটি ৭০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণ বেশি।
কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান বুধবার জানিয়েছেন, ফেব্রুয়ারির শুরু থেকেই রেমিট্যান্স আসার গতি ছিল ঊর্ধ্বমুখী। ১৬ ফেব্রুয়ারি পর্যন্ত ১৮০ কোটি ৭০ লাখ ডলার আসার পর মাত্র দুই দিনের ব্যবধানে আরও প্রায় ৩০ কোটি ডলার যুক্ত হয়েছে। এর মধ্যে শুধু ১৬ ফেব্রুয়ারি এক দিনেই দেশে এসেছে ১৫ কোটি ২০ লাখ ডলার। সংশ্লিষ্টরা মনে করছেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে সরকারের উৎসাহ এবং ডলারের বিনিময় হার স্থিতিশীল থাকা এই প্রবৃদ্ধির প্রধান কারণ, যা দেশের সামষ্টিক অর্থনীতিকে আরও শক্তিশালী করবে।