দেশের আট বিভাগের আটটি উপজেলায় পরীক্ষামূলকভাবে (পাইলটিং) ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করতে যাচ্ছে সরকার। এই বিশাল কর্মযজ্ঞ পরিচালনার লক্ষ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ১৫ সদস্যের একটি শক্তিশালী মন্ত্রিসভা কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এই সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়। সরকারের লক্ষ্য হচ্ছে—আগামী ঈদুল ফিতরের আগেই যোগ্য ব্যক্তিদের হাতে এই কার্ড পৌঁছে দেওয়া।
নবগঠিত এই কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ও প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ মন্ত্রী এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী। এ ছাড়া উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, মাহ্দী আমিন, মন্ত্রিপরিষদ সচিবসহ সাতটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবকে এই কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। এই কমিটি মূলত ফ্যামিলি কার্ডের একটি কার্যকর ডিজাইন বা নকশা তৈরি করবে এবং সুবিধাভোগী নির্বাচনের স্বচ্ছ পদ্ধতি নিরূপণ করবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটি নারীদের জন্য বিদ্যমান অন্যান্য সরকারি কর্মসূচির সঙ্গে এই কার্ডের সমন্বয় করা যায় কি না, তা গভীরভাবে পর্যালোচনা করবে। স্বচ্ছতা নিশ্চিত করতে জাতীয় পরিচয়পত্র (NID) এবং ন্যাশনাল হাউজহোল্ড ডাটাবেইজের মধ্যে ডিজিটাল আন্তঃসংযোগ স্থাপনের মাধ্যমে একটি আধুনিক এমআইএস (MIS) প্রণয়নের সুপারিশ করবে এই কমিটি। আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে কমিটিকে তাদের প্রাথমিক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এই কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।