কারওয়ান বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড: নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১১ ইউনিট

আপলোড সময় : ১৭-০২-২০২৬ ১২:৪৫:১৬ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৭-০২-২০২৬ ১২:৪৫:১৬ পূর্বাহ্ন

রাজধানীর কারওয়ান বাজারের কাঠপট্টি এলাকায় একটি পাঁচতলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১০টা ২৮ মিনিটে আগুনের সূত্রপাত হয়। আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

 

​ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাঠপট্টি এলাকার ওই ‘L’ আকৃতির ভবনটির দ্বিতীয় থেকে পঞ্চম তলা পর্যন্ত একটি নামী ব্র্যান্ডের ডায়াপারের বিশাল গোডাউন রয়েছে। ভবনের আশপাশে অসংখ্য কাঠের দোকান ও গুদাম থাকায় আগুন দ্রুত ভয়াবহ রূপ নেয় এবং মুহূর্তেই পুরো এলাকা কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে। ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সংবাদ পাওয়ার পরপরই প্রথমে ৫টি ইউনিট পাঠানো হলেও পরিস্থিতি বিবেচনায় পরে ইউনিটের সংখ্যা বাড়িয়ে ১১টি করা হয়েছে।

 

​এদিকে, একই রাতে পুরান ঢাকার আগামাসি লেনে একটি জুতার কারখানায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিটের ৫০ মিনিটের চেষ্টায় রাত ১১টা ৩৩ মিনিটে সেই আগুন নিয়ন্ত্রণে আসে। কারওয়ান বাজারের আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসার পর তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]