রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

আপলোড সময় : ১৬-০২-২০২৬ ০৯:১০:৪৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৬-০২-২০২৬ ০৯:১০:৪৫ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ রাত ৯টা ১৫ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন। তার এই ভাষণ রাষ্ট্রায়ত্ত টেলিভিশন বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)তে সম্প্রচার করা হবে বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে।
 

সরকারি সূত্র বলছে, নবনির্বাচিত সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথের আগে এটি প্রধান উপদেষ্টার শেষ আনুষ্ঠানিক ভাষণ। আগামী মঙ্গলবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীরা শপথ নেবেন এবং নতুন মন্ত্রিসভা দায়িত্ব গ্রহণ করবে। এর মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হবে।
 

এর আগে নির্বাচন উপলক্ষে গত ১০ ফেব্রুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দিয়েছিলেন ড. ইউনূস, যা বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে সরাসরি সম্প্রচার হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, বর্তমান ভাষণে নির্বাচন-পরবর্তী পরিস্থিতি ও ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গ উঠে আসতে পারে।
 

সাম্প্রতিক নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ২১২টি আসন পেয়ে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমান নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কথা রয়েছে।
 

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপটে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠিত হয় এবং ড. ইউনূস প্রধান উপদেষ্টার দায়িত্ব নেন। অন্তর্বর্তী সরকার নির্বাচন আয়োজন ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করে আসছিল।

 
 
 

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]