ক্যারিবীয় অঞ্চলে মোতায়েনকৃত মার্কিন যুদ্ধজাহাজ ‘ইউএসএস আইও জিমা’ (USS Iwo Jima) থেকে সাগরে পড়ে এক নৌসেনার মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার পর টানা ৭২ ঘণ্টা বিশাল এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চালিয়েও তার সন্ধান না পাওয়ায় গত ১০ ফেব্রুয়ারি ওই সেনাকে আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করে মার্কিন নৌবাহিনী।
কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার পরপরই জাহাজ এবং হেলিকপ্টারের সমন্বয়ে একটি শক্তিশালী উদ্ধারকারী দল সমুদ্রে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরু করে। প্রতিকূল পরিবেশ ও দীর্ঘ সময় অতিবাহিত হওয়ার পর তাকে জীবিত উদ্ধারের আশা ক্ষীণ হয়ে আসায় তিন দিন পর উদ্ধার তৎপরতা বন্ধ ঘোষণা করা হয়। তবে অত্যন্ত সুরক্ষিত একটি যুদ্ধজাহাজ থেকে কীভাবে ওই নৌসেনা পানিতে পড়ে গেলেন, সে বিষয়ে এখনো কোনো স্পষ্ট ধারণা পাওয়া যায়নি। মার্কিন নৌবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নিহত নৌসেনার পরিচয় ও বিস্তারিত তথ্য গোপনীয়তা রক্ষার স্বার্থে এখনো জনসমক্ষে প্রকাশ করা হয়নি।