ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফলে বড় জয়ের পর এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রে নতুন সরকার গঠন ও ক্ষমতা হস্তান্তরের প্রক্রিয়া। নির্বাচন কমিশন ঘোষিত প্রাথমিক তথ্যে দেখা যাচ্ছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ইতোমধ্যেই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় একক সংখ্যাগরিষ্ঠতা (১৫০টির বেশি আসন) অর্জন করেছে। তবে নির্বাচনের জয় থেকে শুরু করে বঙ্গভবনে শপথ গ্রহণ পর্যন্ত আইনি ও সাংবিধানিক ধাপগুলো নিয়ে জনমনে নানা কৌতূহল দেখা দিয়েছে।
সংবিধান অনুযায়ী, একটি নতুন সংসদ গঠিত হওয়ার প্রথম ধাপ হলো নবনির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ। সাধারণত নির্বাচনের ফলাফল ঘোষণার তিন দিনের মধ্যে শপথ পাঠ করানোর রেওয়াজ থাকলেও এক্ষেত্রে কিছু আইনি ব্যাখ্যা রয়েছে। সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, নির্বাচনের ফলাফল কেবল মুখে বা বেসরকারিভাবে ঘোষণা করলেই হবে না, তা 'সরকারি গেজেটে প্রজ্ঞাপিত' হতে হবে। গেজেট প্রকাশের পর পরবর্তী তিন দিনের মধ্যে নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ বাধ্যতামূলক। বেসরকারি ফলাফল ঘোষণার পর ইসির পক্ষ থেকে গেজেট প্রকাশ করতে সাধারণত কয়েক দিন সময়ের প্রয়োজন হয়। শপথ গ্রহণের পরই মূলত একজন নির্বাচিত ব্যক্তি আইনগতভাবে 'সংসদ সদস্য' হিসেবে গণ্য হন এবং এরপরই শুরু হয় পরবর্তী সরকার গঠনের আনুষ্ঠানিক প্রক্রিয়া।