গণভোট ও সংসদ নির্বাচনকে ঘিরে ভোমরা কাস্টমসে দুই দিন আমদানি-রফতানি বন্ধ

আপলোড সময় : ১১-০২-২০২৬ ১০:০৫:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ১১-০২-২০২৬ ১০:১০:১৮ পূর্বাহ্ন

 

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বুধবার (১১ ফেব্রুয়ারি) থেকে ভোমরা কাস্টমস হাউসে আমদানি-রফতানি কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের অংশ হিসেবে ১১ ও ১২ ফেব্রুয়ারি সিঅ্যান্ডএফ কার্যক্রম স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
 

ভোমরা কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, ১২ ফেব্রুয়ারি গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ কারণে নির্বাচন-পূর্ব ও নির্বাচনের দিন—দুই দিন কাস্টমস কার্যক্রম বন্ধ থাকবে।
 

তিনি আরও বলেন, ভোমরা স্থলবন্দর এলাকায় দুটি ভোটকেন্দ্র থাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। ভারতীয় ট্রাক, চালক ও হেলপারদের সরকারি পার্কিং ইয়ার্ডে অবস্থান করার নির্দেশনা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাংলাদেশি খালি ও পণ্যবাহী ট্রাকগুলো সড়কে না রেখে নিরাপদ স্থানে রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।
 

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, আগামী ১৪ ফেব্রুয়ারি (শনিবার) থেকে ভোমরা কাস্টমস হাউসে সিঅ্যান্ডএফ কার্যক্রম পুনরায় শুরু হবে এবং আমদানি-রফতানি কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালিত হবে।
 

তবে ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক রয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

সম্পাদকীয় :

লাইসেন্স নং: TRAD/DNCC/013106/2024 বার্তা বিভাগ: [email protected] অফিস: [email protected]

অফিস :

যোগাযোগ: মিরপুর, শেওড়াপাড়া হটলাইন: 09638001009 চাকুরী: [email protected]